
গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর পাথর ছুড়ে হাতকড়াসহ পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় কনস্টেবল মাসুদ নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর রাহুলকে থানায় নেওয়ার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একদল মাদক কারবারি পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তারা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর ছিনিয়ে নেওয়া আসামি রাহুলকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় মাদক কারবারিরা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশের ওপর বৃষ্টির মতো ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। সেই সুযোগে তারা হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়। আসামি ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।